06 June 2026 MD. MAHBUBUL ALOM FARUQI 138 বার দেখা

কারেন্ট মশাই ঈদের ছুটিতে

কারেন্ট মশাই ঈদের ছুটিতে

>মাহবুবুল আলম ফারুকী

ঈদের পরের রাত। বাড়ি ভর্তি মানুষ। যারা সারা বছর কর্মের তাগিদে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম কিংবা বিদেশে থাকে, তারাও আজ বাড়িতে। সঙ্গে এসেছে নানা রকম আত্মীয়-স্বজন। উঠোন, বারান্দা, ঘরের মেঝে—সবখানেই মানুষের ছড়াছড়ি।

এক সময় গ্রামে বিদ্যুৎ ছিল না। তখন ঈদের আনন্দের আলাদা একটা রূপ ছিল। চাঁদের আলোয় আলোকিত উঠোনে গোল হয়ে বসে গল্প, হাসাহাসি, খুনসুটি চলত গভীর রাত পর্যন্ত। কখন যে রাত পেরিয়ে ফজর হয়ে যেত, কেউ টেরই পেত না।

কিন্তু এখন যুগ বদলেছে।

এখন সবার হাতে হাতে এক একটা বিশাল যন্ত্র। যন্ত্র বলতে মোবাইল ফোন। যার ভিতরে পুরো পৃথিবী ঢুকে গেছে। ফেসবুক, ইউটিউব, টিকটক, মেসেঞ্জার—সব একসাথে।

যতক্ষণ মোবাইলে চার্জ আছে, ততক্ষণ কেউ কারও সঙ্গে কথা বলে না। একজন আরেকজনের পাশেই বসে আছে, কিন্তু কথা হচ্ছে আমেরিকার কারও সঙ্গে, দুবাইয়ের কারও সঙ্গে, কিংবা টিকটকের লাইভে।

ডান হাতের চার আঙুলের ওপর মোবাইল রাখা। বুড়ো আঙুল অবিরাম ধাক্কাধাক্কি করছে। আর বাম হাতটা নিঃসঙ্গতায় মশা মারার দায়িত্ব পালন করছে।

এদিকে কারেন্টের কোনো খবর নেই।

মনে হচ্ছে ঈদের ছুটিতে কারেন্ট মশাই শ্বশুরবাড়ি গেছেন।

রাত বারোটা বেজে গেল।

একজন বলল, —"কারেন্ট আইবো কবে?"

আরেকজন দীর্ঘশ্বাস ফেলে বলল, —"ঈদের পরে।"

তৃতীয়জন বলল, —"ঈদ তো কাল আছিল!"

—"পরের ঈদের পরে।"

কথাটা শুনে সবাই হেসে উঠল।

রাত ১২টা ৪৫ মিনিটে হঠাৎ বিদ্যুতের আগমন।

তবে সে আগমন ঠিক বিজয়ী বীরের মতো নয়, বরং আইসিইউতে থাকা রোগীর মতো।

ফ্যান ঘুরছে ঠিকই, কিন্তু এমনভাবে ঘুরছে যেন প্রতিটি পাক দেওয়ার আগে পরিবারের সদস্যদের কাছ থেকে অনুমতি নিচ্ছে।

আমি তাড়াতাড়ি মোবাইল চার্জে লাগালাম। কারণ রৌমারীর মানুষ এখন মোবাইলের ব্যাটারি আর গরুর খাদ্য—দুটোকেই সমান গুরুত্ব দেয়।

ঠিক তখনই চোখে পড়ল আমাদের মাননীয় এমপি মহোদয়ের পুত্রের একটি পোস্ট।

বিদ্যুৎ ফিডারের সামনে দাঁড়িয়ে ছবি তুলেছেন।

ক্যাপশন— "কারেন্ট পেয়েছেন তো?"

পোস্ট দেখে মনে মনে এমন কিছু ভদ্র ভাষার শব্দ উচ্চারণ করলাম, যা অভিধানে নেই।

কমেন্টে ঢুকে দেখি একেকজন একেক রকম উত্তর দিয়েছে।

কেউ লিখেছে— "জি ভাই, স্বপ্নে পেয়েছি।"

কেউ লিখেছে— "পেয়েছিলাম, আবার পালাইছে।"

আরেকজন লিখেছে— "পাইলে আপনারে জানাইতাম।"

আমি কমেন্ট করতে যাব, ঠিক তখনই—

ফুরুৎ!

কারেন্ট উধাও।

মোবাইলের চার্জ ১২ শতাংশ।

আমার মনের অবস্থা ২ শতাংশ।

অগত্যা হাওয়া খেতে বের হলাম।

নদীর পাড় ধরে হাঁটছি।

হঠাৎ পিছন থেকে ডাক—

—"সাংবাদিক ভাই!"

পিছনে তাকিয়ে দেখি দুই-তিনজন লোক।

একজন এসে বললেন, —"ঈদের মধ্যেও কারেন্ট নাই। আপনারা সাংবাদিকরা কী করেন?"

বললাম, —"এই দেশে সাংবাদিকদের হাতে যদি ক্ষমতা থাকত, তাহলে প্রথমেই নিজের বাড়িতে ২৪ ঘণ্টা কারেন্ট নিশ্চিত করতাম!"

লোকজন হেসে উঠল।

এরপর শুরু হলো অভিযোগের বন্যা।

একজন বললেন, —"গরুর হাটে টোল ৫০০ টাকার জায়গায় ৮০০ টাকা নিচ্ছে।"

আরেকজন বললেন, —"বাস ভাড়া ডাবল।"

আরেকজন— —"অটো ভাড়া তিনগুণ।"

এক বৃদ্ধ বললেন, —"মোর নাতির মোবাইলের চার্জ নাই। এইডাও লিখেন।"

আমি বুঝতে পারলাম, আজ আমি সাংবাদিক নই।

আমি এমপি।

আমি মন্ত্রী।

আমি বিদ্যুৎ উপদেষ্টা।

আমি পরিবহন মন্ত্রণালয়।

আমি দুর্নীতি দমন কমিশন।

সব মিলিয়ে একক সরকার।

লোকজন ক্রমেই বাড়তে লাগল।

আমি বললাম, —"ভাইয়েরা, অভিযোগ করেন ভালো কথা। কিন্তু ক্যামেরার সামনে আসবেন?"

সবাই একসাথে বলল, —"না!"

—"কেন?"

—"সমস্যা হইবো।"

আমি বললাম, —"তাহলে সমস্যা নিয়ে নিউজ করব কীভাবে?"

সবাই চুপ।

একটা কাক ডেকে উঠল।

মনে হলো সেও আমার কথার সঙ্গে একমত।

আমি আবার বললাম, —"হাটে টোল বেশি নেয়, বিদ্যুৎ যায়, নদী ভাঙে—সব অভিযোগ করেন। কিন্তু ক্যামেরা দেখলেই সবাই উধাও হয়ে যান। তখন সাংবাদিক খবর করবে কীভাবে?"

কথা চলতেই থাকল।

এরপর কেউ বলল, —"চলেন বিদ্যুৎ অফিস ঘেরাও করি!"

আমি জানি না কেন, মুহূর্তের মধ্যে নিজেকে বিপ্লবী নেতা মনে হলো।

সাংবাদিকদের ফোন দিলাম।

তাঁরাও রাজি।

মিছিল শুরু।

স্লোগান শুরু।

লোকজন শত শত।

হাজার হাজার।

লক্ষ লক্ষ।

কমপক্ষে আমার কল্পনায়।

আমরা রৌমারীর দিকে হাঁটছি।

কিন্তু কিছুক্ষণ পর পিছনে তাকিয়ে দেখি—

মানুষ কম।

আরও একটু পরে দেখি—

আরও কম।

আরও কিছুক্ষণ পরে দেখি—

প্রায় কেউ নেই।

শেষ পর্যন্ত বিদ্যুৎ অফিসে পৌঁছে দেখি আমরা কয়েকজন সাংবাদিক আর হাতে গোনা কয়েকজন মানুষ।

বাকি সবাই এমনভাবে উধাও হয়েছে যেন সরকারি চাকরির পরীক্ষায় নকল ধরতে গেছে পুলিশ।

অফিসের সামনে পুলিশ।

বাকবিতণ্ডা শুরু।

পরিস্থিতি উত্তপ্ত।

ঠিক তখনই পাশের মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে এলো।

"আল্লাহু আকবার..."

কিন্তু আজানের সঙ্গে সঙ্গে আরেকটা শব্দ।

—"এই শুনছো? উঠো! ফজরের আজান দিছে!"

চোখ খুলে দেখি আমার স্ত্রী।

আমি বিছানায়।

ফ্যানটা মাথার ওপর স্থির হয়ে ঝুলছে।

নড়ছে না।

ঘুরছে না।

মানে কারেন্ট এখনও নেই।

আমি বিরক্ত হয়ে বললাম,

—"তুমি আমাকে ডাকলা কেন? আর একটু পরে ডাকলেই তো বিদ্যুৎ অফিস ঘেরাও করে কারেন্ট নিয়া আইতাম!"

স্ত্রী বলল,

—"আগে নামাজ পড়ো, তারপর দেশ উদ্ধার কইরো!"

আমি দীর্ঘশ্বাস ফেললাম।

মোবাইল হাতে নিলাম।

চার্জ ১ শতাংশ।

ঠিক তখনই মোবাইলটা বন্ধ হয়ে গেল।

কারেন্ট মশাই তখনও ঈদের ছুটিতে।

সম্পর্কিত সংবাদ