পরিচিতি

MD. MAHBUBUL ALOM FARUQI

MD. MAHBUBUL ALOM FARUQI

উপজেলা প্রতিনিধি (রৌমারী) কুড়িগ্রাম।

দৈনিক বাংলাদেশ সমাচার

বি.এ (অনার্স), কামিল (হাদীস)

আমি মোহাম্মদ মাহবুবুল আলম ফারুকী। আমার পিতা মোহাম্মদ আলী খান এবং মাতা নারগিস আরা বেগম। ১৯৯২ সালের ১লা জানুয়ারি কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলা-এর চর বোয়ালমারী গ্রামে আমার জন্ম। শৈশবের এক নির্মল অংশ কেটেছে এই গ্রামের মাটি, মানুষ আর নদীবিধৌত জনপদের সহজ-সরল জীবনযাত্রার সঙ্গে। শিশুকালের স্মৃতিগুলো আজও হৃদয়ে গভীরভাবে গেঁথে আছে। গ্রামের বন্ধুদের সঙ্গে মাঠে-ঘাটে খেলাধুলা, ইঁদুরের গর্ত থেকে ধান কুড়িয়ে তা বিক্রি করে জিলাপি কিনে খাওয়ার সেই আনন্দময় দিনগুলো এখনও স্মৃতির পাতায় জীবন্ত। সময়ের পরিক্রমায় সেই শৈশবের সাথীরা আজ বিভিন্ন পেশায় নিয়োজিত হলেও তাদের সঙ্গে কাটানো মুহূর্তগুলো আমার জীবনের অমূল্য সম্পদ হয়ে আছে। আমার শিক্ষাজীবনের সূচনা বাবা-মায়ের হাত ধরেই। প্রাথমিক শিক্ষা অর্জন করি চর শৌলমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। পাঁচ বছরের প্রাথমিক শিক্ষাজীবনে যেসব শিক্ষক আমার জীবনে গভীর প্রভাব রেখেছেন, তাদের মধ্যে ছিলেন প্রধান শিক্ষক মেহের উল্লাহ স্যার,আরফান স্যার, মজিদ স্যার, মঞ্জু স্যার, আব্বাস স্যার এবং জয়নাল স্যার। প্রত্যেক শিক্ষকের সঙ্গে জড়িয়ে আছে ভিন্ন ভিন্ন স্মৃতি ও অনুভূতি। বিশেষভাবে স্মরণ করি মরহুম মেহের উল্লাহ স্যারকে। আল্লাহ তাঁকে জান্নাত নসিব করুন। তিনি আমাকে দেখলেই আমার সালাম গ্রহণ করতেন, যেন নিশ্চিতভাবেই ধরে নিতেন আমি তাঁকে সালাম দিয়েছি। যদিও খুব কম সময়ই তাঁকে সালাম দিতে ভুল হতো। ধর্মীয় শিক্ষার ভিত্তি গড়ে ওঠে পবিত্র কুরআন শিক্ষার মাধ্যমে। আমি কুরআন শিক্ষা লাভ করি চর শৌলমারী অন্ধ হাফেজ আবুল কালাম আযাদ, উম্মুল হুদা হাফিজিয়া মাদরাসা, রৌমারী বাজার হাফিজিয়া মাদরাসা এবং বড়াইকান্দি হাফিজিয়া মাদরাসা থেকে। আমার সম্মানিত উস্তাদদের মধ্যে ছিলেন হাফেজ আইয়ুব আলী আনসারী, হাফেজ আব্দুল ওহাব, আমিনুল ইসলাম, আব্দুল মতিন এবং আব্দুল খালেক সাহেব। দাখিল শিক্ষার প্রাথমিক অংশ সম্পন্ন করি চর বোয়ালমারী হাফিজাবাদ দাখিল মাদ্রাসা-এ অষ্টম শ্রেণি পর্যন্ত অধ্যয়ন করে। পরবর্তীতে জাফরগঞ্জ আদর্শ দাখিল মাদ্রাসা থেকে ২০০৬ সালে দাখিল সম্পন্ন করি। ২০০৮ সালে নারিন্দা শাহ সাহেব বাড়ি দারুল উলুম আহসানিয়া ফাযিল মাদ্রাসা থেকে আলিম সম্পন্ন করি। এরপর তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসা থেকে ফাযিল ও কামিল (হাদীস) ডিগ্রি অর্জন করি। উচ্চশিক্ষার ধারাবাহিকতায় ২০১৫ সালে বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্টাডিজ বিষয়ে অনার্স সম্পন্ন করি। গ্রামের শেকড়, ধর্মীয় শিক্ষা, শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক এবং সংগ্রামী জীবনযাত্রার অভিজ্ঞতা আমার ব্যক্তিত্ব ও চিন্তাধারাকে গভীরভাবে প্রভাবিত করেছে। আজও আমি বিশ্বাস করি, মানুষের প্রতি ভালোবাসা, শিক্ষা ও নৈতিক মূল্যবোধই একজন মানুষকে প্রকৃত অর্থে সমৃদ্ধ করে তোলে।

সাংবাদিক, লেখক,শিক্ষক

শৈশব থেকেই শিক্ষকতা, শিল্পচর্চা ও লেখালেখির প্রতি আমার এক গভীর আকর্ষণ ছিল। আমি যখন ৪র্থ শ্রেণিতে পড়ি, তখন আব্বাস স্যার আমাদের স্কুলে যোগদান করেন। তিনি স্কুলে এসে পুরো পরিবেশটাই যেন বদলে দেন। স্কুলের দেয়াল ও পিলারে বিভিন্ন ফল-ফলাদি, ফুল, পশুপাখির মনোমুগ্ধকর ছবি এঁকে স্কুলকে রঙিন করে তোলেন। তাঁর হাত ধরেই আমার আর্ট শেখার শুরু। যদিও সময়ের সাথে অনেক কিছু ভুলে গেছি, তবুও তাঁর শেখানো সেই প্রথম হাতেখড়ি আজও স্মৃতিতে অমলিন। তাঁর উৎসাহেই তখন রৌমারী সদরে আর্ট প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম। একদিন আরফান স্যার ক্লাসে সবার কাছে জানতে চাইলেন, “জীবনের লক্ষ্য কী?” সহপাঠীরা বিভিন্ন পেশার কথা বললেও আমি বলেছিলাম, “আমি শিক্ষক হতে চাই।” বাবার কাছ থেকে যতটুকু আদর্শ ও মূল্যবোধ শিখেছিলাম, তাতে শিক্ষকতাকেই জীবনের লক্ষ্য হিসেবে বেছে নিয়েছিলাম। হয়তো সেদিন স্যারের আন্তরিক দোয়া ছিল বলেই আজ আমি একজন শিক্ষক হতে পেরেছি। বর্তমানে আমি আমার শিক্ষার্থীদের আদর্শ ও মানবিক শিক্ষা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। প্রাথমিক শিক্ষা শেষ করে যখন কুড়িগ্রাম উম্মুল হুদা হাফিজিয়া মাদরাসায় পড়াশোনা শুরু করি, তখন মাদরাসার পাশেই সাপ্তাহিক “তথ্যকথা” পত্রিকার অফিস চালু হয়। সেই সময় মাদরাসায় বাংলা পড়াই প্রায় নিষিদ্ধ ছিল, আর পত্রিকা পড়া তো আরও বড় অপরাধের মতো। তবুও লুকিয়ে লুকিয়ে পত্রিকা পড়তাম। সম্পাদক মহোদয়—যাঁর নাম আজ আর মনে নেই—আমাকে সহযোগিতা করতেন এবং পাহারা দিতেন যেন কেউ দেখে না ফেলে। একদিন তিনি আমাকে বললেন, “মাহবুব, দেখো তোমাদের রৌমারীর একজন মানুষের লেখা প্রকাশ হয়েছে।” আমি গভীর মনোযোগ দিয়ে লেখাটি পড়ি। লেখাটি ছিল অত্যন্ত হৃদয়স্পর্শী। তখনই আমার মনে এক নতুন স্বপ্ন জন্ম নেয়—একদিন কি আমার লেখাও পত্রিকায় প্রকাশ হবে? সেই পরিবেশে এমন স্বপ্ন দেখা হয়তো বিলাসিতা ছিল, তবুও মনে মনে সেই আকাঙ্ক্ষা লালন করতাম। সেদিন প্রথমবারের মতো একটি পত্রিকা মাদরাসায় নিয়ে গিয়ে ট্রাঙ্কে লুকিয়ে রেখেছিলাম। লেখাটি ছিল হাফেজ রফিকুল ইসলাম সাজু হুজুরের লেখা। মূলত সেখান থেকেই আমার মনে সাংবাদিকতার বীজ রোপিত হয়। ২০০৯ সালে “মাসিক শিক্ষাঙ্গন” পত্রিকায় আওয়ামী লীগের নির্বাচন ও বিভিন্ন অনিয়ম-অনাচার নিয়ে লেখা “ডিজিটালের তেলেসমাতি” শীর্ষক প্রবন্ধ প্রকাশের মাধ্যমে আমার লেখালেখির আনুষ্ঠানিক অভিষেক ঘটে। এরপর দৈনিক নয়া দিগন্তের “প্রিয়জন” কলামের নিয়মিত লেখক হিসেবে যুক্ত হই। সেই কলামে লেখালেখির জন্য তারা আমাকে প্রথম স্থান অর্জনের সম্মাননা প্রদান করে। ধীরে ধীরে বিভিন্ন বিষয়ে বিভিন্ন পত্রিকায় লিখলেও নিজেকে কখনো সাংবাদিক হিসেবে প্রকাশ করিনি। অনেকেই আমাকে কবি বলতেন, যদিও আমি কখনো কবিতা লিখিনি; লিখেছি গল্প, প্রবন্ধ ও নানা ধরনের নিবন্ধ। অবশেষে ২০২৫ সালে বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মজনু বসের সঙ্গে যোগাযোগের মাধ্যমে দৈনিক বাংলাদেশ সমাচারের উপজেলা প্রতিনিধির পরিচয়পত্র পাওয়ার পর সাংবাদিকতায় আমার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সবশেষে বলতে চাই—শিক্ষকতা আমার পেশা, আর সাংবাদিকতা ও লেখালেখি আমার নেশা।

অর্জন

সামাজিক কাজ